বদলে যাওয়ার গল্প
নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। পরিবারে বাবা-মা, আমি ছাড়া আর কেউ নেই। ছোটবেলায় পড়ালেখার প্রতি প্রচুর আগ্রহ থাকার কারণে বাবা-মা দারিদ্র হওয়া সত্ত্বেও বাঁধা দেয়নি। কিন্তু বাঁধ সাধলো হাই স্কুলে উঠার পরে। কারন, পড়ালেখার জন্য এখন অনেক টাকা খরচ করতে হয়। টাকার কারণে আমার পড়ালেখা বন্ধ হয়নি। তবে টাকা উপার্জন করতে আমাকে অনেক কষ্ট করতে হলো। এই কষ্টের কিছুটা লাঘব ঘটলো অনার্স এ উঠার পর। তখন কিছু প্রাইভেট পড়িয়ে নিজের খরচের টাকা ম্যানেজ করতাম এবং বাবা- মায়ের জন্যও সামান্য কিছু দিতাম। ভাবলাম এখন আর কষ্ট করতে হবে না। কিন্তু জীবনের শুরু যে এখনো বাকি তা বুঝলাম B.C.S পরীক্ষার সময়। মাষ্টার্স শেষ করার পর নিজেই B.C.S পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম। পরীক্ষার তিন মাস আগে ঢাকায় যাওয়ার জন্য রেডি হলাম। ঢাকায় আমার দূর সম্পর্কের এক চাচার কাছে যাবো বলে স্থির করলাম। কিছু বই, জামা-কাপড় আর নিজের খরচের জন্য কিছু টাকা নিয়ে রওনা হলাম। অনেক কষ্টের পর যখন ঢাকার মাটিতে পা রাখলাম তখন থেকেই আমার বিপদ শুরু হয়। প্রথমে পরি ছিনতাইকারীদের কবলে। তারা আমার টাকা-পয়সা, জামা- কাপড় সব নিয়ে যায়। শুধু বই-খাতা গুলো রেখে যায়। ...